দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে বার্সেলোনার কোচ হিসেবে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন হান্সি ফ্লিক। কাতালান ক্লাবটির ডাগআউটে মাত্র ১৩১টি অফিসিয়াল ম্যাচেই শততম জয়ের দেখা পেলেন এই জার্মান কোচ। এর মাধ্যমে বার্সার ইতিহাসের অন্যতম সফল ও সেরা কোচদের কাতারে নিজের নাম লিখিয়ে ফেললেন তিনি।
কোচ হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনার আক্রমণভাগ। ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ মৌসুমের প্রতিটিতেই ৪৪টি করে ম্যাচ জিতেছে তার দল। আর চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচের ১২টিতেই জয় পেয়েছে বার্সা। সব মিলিয়ে ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনা এখন পর্যন্ত ২১টি হার ও ১০টি ড্র দেখেছে, যেখানে তার দলের জয়ের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৩ শতাংশ। এমনকি তার অধীনে খেলা ম্যাচের ৮৪ শতাংশেই অপরাজিত থেকেছে কাতালানরা।
চলতি মৌসুমে ১৪ ম্যাচে বার্সার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে, যার অর্থ দাঁড়ায় ম্যাচপ্রতি গোলসংখ্যা তিনটিরও বেশি। চলতি মৌসুমে একাধিক প্রতিপক্ষকে ৫-০ গোলে হারানোর পাশাপাশি রেসিং স্যান্টান্ডারকে সাত গোল দিয়েছিল তারা। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পিএসজি এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেবল দুটি ম্যাচেই হেরেছে বার্সেলোনা। তবে সেই দুই ম্যাচের ধাক্কা কাটিয়ে আলাভেসের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আবারও ছন্দে ফিরেছে দলটি।
এই জয়ের সুবাদে দ্রুততম কোচ হিসেবে শততম জয়ের সেঞ্চুরির তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন হান্সি ফ্লিক। ১৩৯ ম্যাচে একশ জয় পাওয়া ক্লাব কিংবদন্তি পেপ গার্দিওলাকে পেছনে ফেলেছেন তিনি। এই তালিকায় ফ্লিকের ওপরে কেবল লুইস এনরিকে রয়েছেন, যিনি ১২৬ ম্যাচে শততম জয়ের মাইলফলক স্পর্শ করেছিলেন।



















