ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

এমবাপ্পে বিতর্কে চীনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল রিয়াল মাদ্রিদ

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের একটি রসিকতাকে কেন্দ্র করে চীনে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। দেশটির সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ।

ফরাসি অনুষ্ঠান ‘দ্য ব্রিজ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিম নিয়ে কথা বলেন এমবাপ্পে। সেখানে নিজের মুখ বসানো একটি ছবিকে চীনের কোনো স্বৈরশাসকের ছবি বলে উল্লেখ করেন তিনি, যা মাও সে তুংকে ইঙ্গিত করে বলে মনে করা হচ্ছে।

মন্তব্যটি নিয়ে চীনে সমালোচনা শুরু হলে মঙ্গলবার ফরাসি, চীনা ও ইংরেজি ভাষায় ক্ষমা চান এমবাপ্পে। তিনি স্বীকার করেন, তাঁর মন্তব্যটি অবিবেচনাপ্রসূত ছিল এবং এতে চীনের ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী চীনা সম্প্রদায়ের মানুষ কষ্ট পেয়ে থাকতে পারেন।

বুধবার বিবৃতি দিয়ে চীনের জনগণের কাছে ক্ষমা চায় রিয়াল মাদ্রিদও। ক্লাবটি জানায়, এমবাপ্পের প্রকাশ্য ক্ষমা ও তাঁর অনুশোচনার সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করছে।

এদিকে বিতর্কের প্রভাব পড়েছে এমবাপ্পের বাণিজ্যিক কর্মকাণ্ডেও। চীনা পানীয় প্রস্তুতকারক ডংপেং, দুগ্ধজাত পণ্য প্রতিষ্ঠান মেংনিউ ও মিল্কগ্রাউন্ড তাঁর সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম শিয়াওহংশু ও ওয়েইবোতে তাঁর অ্যাকাউন্টও স্থগিত করা হয়েছে।

এ ছাড়া চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তত্ত্বাবধানকারী সংস্থা সিএমজি স্প্যানিশ লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে। লা লিগা কর্তৃপক্ষও চীনা সমর্থকদের অনুভূতিতে আঘাত লাগায় দুঃখ প্রকাশ করেছে।

বেইজিংয়ের একটি অ্যাডিডাসের দোকানে রিয়াল মাদ্রিদের জার্সি বিক্রি হলেও এমবাপ্পের নাম লেখা জার্সি দেখা যায়নি বলে জানিয়েছে এএফপি। চীনের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দিওর ও হুবলোও ওয়েইবো থেকে তাঁকে নিয়ে প্রচারমূলক পোস্ট সরিয়ে নিয়েছে।

একটি রসিকতা থেকে শুরু হওয়া বিতর্কে এভাবেই চীনে জনপ্রিয় এই ফুটবল তারকার ভাবমূর্তি ও বাণিজ্যিক সম্পর্ক চাপে পড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ