ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তুলতে সহযোগিতা বাড়ানোর জন্য জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। সবার জন্য সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান বাড়ানো, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি কর্মসংস্থানমুখী শিক্ষা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং ফ্যামিলি কার্ডসহ পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।

স্বাস্থ্যসেবাকে নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিশ্চিত করাও জরুরি। বাংলাদেশ ও জাপানের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশ স্বাস্থ্য ও সামাজিক খাতের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে পারে।

তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে বাংলাদেশ ও জাপান উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য টেকসই সামাজিক ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং দারিদ্র্য ও সহিংসতাসহ বিভিন্ন ঝুঁকি থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।

বিশ্বজুড়ে পারস্পরিক নির্ভরশীলতা বাড়ার প্রেক্ষাপটে স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও স্বাস্থ্য কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর ভূমিকার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।

চিকিৎসক হিসেবে নিজের পেশাগত অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, কার্যকর স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, গবেষণার প্রসার এবং আধুনিক চিকিৎসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বাংলাদেশে প্রতিষ্ঠানটির সহযোগিতা ও কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নতুন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ, গবেষণা ও কারিগরি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

ডা. জুবাইদা রহমান আরও বলেন, স্বাস্থ্য সুরক্ষা, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে নেওয়া উদ্যোগগুলোতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ