ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ইরানে নতুন করে সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সঙ্গে সামরিক উত্তেজনার পারদ চড়িয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় আয়োজিত এক জনসভায় দেওয়া বক্তব্যে তিনি ইরানে নতুন করে ‘ছোট আকারের’ সামরিক অভিযান চালানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

ফ্লোরিডার ওই জনসভায় ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা হয়তো আরেকটি ছোট ‘এপিক ফিউরি’ পরিচালনা করব।” উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো পূর্ববর্তী একটি সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন এপিক ফিউরি’। ট্রাম্পের এমন প্রকাশ্য হুমকিতে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে ইরানও এ বিষয়ে কড়া অবস্থান ব্যক্ত করেছে। তেহরান স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো ধরনের হামলা চালায়, তবে এবার আরও কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো হবে।

ইরান ইস্যুর পাশাপাশি জনসভায় কিউবা নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ইরান ইস্যুর পর তার প্রশাসন কিউবার দিকে মনোযোগ দেবে। ট্রাম্প বলেন, “ইরান থেকে ফিরে আসার পর আমরা কিউবার বিষয়টি দেখব। এরপর আমরা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার জন্য সেখানে পাঠাব।”

তবে কিউবার সঙ্গে সম্ভাব্য এই চুক্তির রূপরেখা বা পরবর্তী পদক্ষেপের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি। ট্রাম্পের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের পাশাপাশি কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ