ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন, কিমো পলের বদলে স্প্রিংগার

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করার পরদিনই আজ (রোববার) বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই টেস্টের এই সফরের আগে ঘোষিত স্কোয়াডে পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরে যাওয়ায় কিমো পলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন শামার স্প্রিংগার।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, ২৮ বছর বয়সী স্প্রিংগার এখনো টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তবে ওয়ানডেতে তিনটি এবং টি-টোয়েন্টিতে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১ হাজার ৪৩ রান করার পাশাপাশি নিয়েছেন ৫৮ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন স্প্রিংগার। চার ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান করার পাশাপাশি শিকার করেছেন সাত উইকেট।

সিডব্লিউআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিমো পলের বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও বিবেচনা করা হয়েছিল। তবে চোটের কারণে তারা দুজনই বাদ পড়েন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপকেও বাংলাদেশ সফরের টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে থাকা ব্যাটার কেভিন উইকহ্যাম। চোটের শঙ্কা ও খেলোয়াড়দের কাজের চাপ বিবেচনায় স্কোয়াডে নেই পেসার আলজারি জোসেফ। তার পরিবর্তে প্রথমে কিমো পলকে দলে নেওয়া হয়েছিল। এবার পলের জায়গায় এলেন স্প্রিংগার। দুজনই ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের সিরিজে খেলেছেন।

ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। বৃষ্টির কারণে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়।

ভারত সফর শেষে বাংলাদেশে এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে সিলেটে, ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, শামার স্প্রিংগার, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ