ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

কৃষি ও সিএমএসএমই খাতে অর্থায়ন বাড়াতে এনআরবিসি ব্যাংকের কর্মশালা

কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধা সম্প্রসারণ, পুনঃঅর্থায়ন তহবিলের অগ্রগতি পর্যালোচনা এবং উত্তরবঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কর্মশালা করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি।

গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) বগুড়ায় ‘এনআরবিসি সুফলা ও এনআরবিসি গতি: এসএমই রিফাইন্যান্স বিজনেস পেনিট্রেশন অ্যান্ড রিভিউ মিটিং’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার। উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই-এগ্রি বিজনেস বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, সিআরএমডি-এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম, রাজশাহী জোনাল হেড অসিম কুমার দাস, রংপুর জোনাল হেড হিমাদ্রি শেখর দুবে এবং বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে কৃষি ও পল্লী খাতের জন্য ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম, কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের জন্য ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল।

সভায় এনআরবিসি সুফলা ও এনআরবিসি গতির আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা সম্প্রসারণ, নতুন ব্যবসায়িক সম্ভাবনা চিহ্নিতকরণ এবং কৃষক ও উদ্যোক্তাদের কাছে অর্থায়ন সুবিধা কার্যকরভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে উত্তরবঙ্গের কৃষকদের জন্য কৃষি উৎপাদন, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মো. শাহীন হাওলাদার বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের সুযোগ রয়েছে।

তিনি বলেন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা খাতের উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগগুলো এগিয়ে নিতে হবে। পাশাপাশি সঠিক গ্রাহক নির্বাচন, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম তদারকির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের সুযোগ কাজে লাগাতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ