যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বা ভিসার মেয়াদের চেয়ে বেশি অবস্থান করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।
পোস্টে দূতাবাস উল্লেখ করে, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে আপনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন।
এতে আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে।
এক্ষেত্রে কোনো ‘অনিচ্ছাকৃত ভুল’ গ্রহণযোগ্য নয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
এর আগে, ১০ অক্টোবর দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশ-এসেব অপরাধের ফলে ভিসা বাতিল হতে পারে এবং যে কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন।

ওই পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণার্থীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবে।


















