দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুইজন ও সিলেট বিভাগে একজন মারা গেছে। এ নিয়ে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৮৫ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৫৭ জনের হাম শনাক্ত হলো।
আর নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৯৯০ জন।



















