ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় লটারি বহাল থাকছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। গতকাল মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ থেকে এ তথ্য জানা গেছে। এখনো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা জারি হয়নি। মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালার আদলেই বেসরকারি বিদ্যালয়ে ভর্তির নীতিমালা করা হতে পারে। শিগগির নীতিমালা জারি করা হবে।

নীতিমালায় বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশ করা এ নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ‘৬ প্লাস’ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কাক্সিক্ষত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত হবে। অন্যান্য সব শ্রেণিতে ভর্তির জন্য এ অনুসারে বয়স গণনা করতে হবে।

শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। কোনো শ্রেণির একটি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।

ভর্তি পরীক্ষার পদ্ধতি : প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পূর্ণমান হবে ৫০। এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। ষষ্ঠ-নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান হবে ১০০। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ