ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

পাঁচ ব্যাংকের ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০৩১তম কমিশন সভায় বন্ডগুলোর প্রস্তাব অনুমোদন করা হয়।

বিএসইসির পক্ষে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এসব সিদ্ধান্তের তথ্য জানান।

সভায় ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়ার বন্ড প্রস্তাব অনুমোদন করা হয়।

ওয়ান ব্যাংক

ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৬ অনুমোদন করা হয়েছে। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হতে যাওয়া এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। এর মাধ্যমে ব্যাংকটির টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি ফুলি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের ষষ্ঠ ইস্যুও অনুমোদন পেয়েছে। এ বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেট + ৩ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

ব্রাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক পিএলসির ১ হাজার কোটি টাকা মূল্যের ৩ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল জিরো-কুপন গ্রিন বন্ডের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮ দশমিক ৫ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়ন সুবিধা দিতে ব্যবহার করা হবে। ট্রাস্টি হিসেবে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি ৫ম সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাবও অনুমোদন করেছে কমিশন। এ বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেট + ৩ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসির ৮০০ কোটি টাকা মূল্যের ৭ বছর মেয়াদি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ বন্ডের কুপন রেট হবে রেফারেন্স রেট + ৩ শতাংশ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ড থেকে পাওয়া অর্থ যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে। এর ট্রাস্টি হবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচটি বন্ডই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। পাশাপাশি প্রতিটি বন্ড ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মেইন বোর্ডে তালিকাভুক্ত করার কথা রয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ