হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি জানায়, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি জব্দ করা হয়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানায়, আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা একটি উন্নতমানের চালকবিহীন পানির নিচের যান (ইউইউভি) জব্দ করেছে। আইআরজির দাবি, ড্রোনটি ‘গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে’ হরমুজ প্রণালিতে কাজ করছিল।
আইআরজিসি জানিয়েছে, জব্দ করা ড্রোনটি রেমাস ৬০০ মডেলের স্বয়ংক্রিয় পানির নিচের যান। এটি বর্তমানে আইআরজিসির বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ড্রোনটির তথ্য উদ্ধারের কাজ করা হবে।
এর আগে চলতি মাসের শুরুতেও হরমুজ প্রণালি থেকে আরেকটি মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুরু হওয়ার আগে তেল ও গ্যাস বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ ছিল হরমুজ প্রণালি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রণালিটি অবরোধ করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে।

সূত্র : এএফপি


















