পুঁজিবাজারে নতুন ও যোগ্য কোম্পানিকে তালিকাভুক্ত করতে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-সংক্রান্ত নীতিমালা সহজ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনা আরও সহজ করতে বিদ্যমান নিয়ন্ত্রক বিধিবিধানে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন এবং ক্ষেত্রবিশেষে শিথিলতা আনার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার সিকিউরিটিজ এক্সচেঞ্জ ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান ও কমিশনারদের সঙ্গে বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্যদের এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানিয়েছে বিএসইসি।
বৈঠকে বিএপিএলসির পক্ষ থেকে বলা হয়, দেশের শেয়ারবাজারে নতুন ও যোগ্য কোম্পানির অংশগ্রহণ বাড়াতে আইপিও প্রক্রিয়াকে আরও সহজ ও ব্যবসাবান্ধব করা প্রয়োজন। এ জন্য বিদ্যমান নীতিমালা ও নিয়ন্ত্রক কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
সংগঠনটির মতে, যোগ্য কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা গেলে বাজারে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং শেয়ারবাজারের পরিধিও বাড়বে।

বিএপিএলসি বৈঠকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন নিয়ন্ত্রক শর্ত নিয়েও আলোচনা করে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ব্যবসা পরিচালনায় যেসব বিধিবিধান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন বা পরিবর্তন করা দরকার।
ক্ষেত্রবিশেষে কিছু নিয়ন্ত্রক শর্ত শিথিল করারও প্রস্তাব দেওয়া হয়। তাদের মতে, এতে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণ ও পরিচালনার ক্ষেত্রে আরও কার্যকরভাবে কাজ করার সুযোগ পাবে।
বৈঠকে শেয়ারবাজারকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট নীতিগত ও নিয়ন্ত্রক বিষয় এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা করা হয়।
বিএপিএলসির মতে, একটি স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও সহায়ক নিয়ন্ত্রক পরিবেশ তৈরি করা গেলে ব্যবসায়িক কার্যক্রম সহজ হওয়ার পাশাপাশি শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে পারে। এর মাধ্যমে দেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ত্বরান্বিত হওয়ার সুযোগ রয়েছে।
বিএপিএলসির সভাপতি রিয়াদ মাহমুদের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন সহসভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং নির্বাহী কমিটির সদস্য রওকাদার কাদের, হুমায়ুন রশিদ, সৈয়দ ফারজানাহ চৌধুরী, শরীফ শাহ জামাল রাজ, জেয়াদ রহমান, মো. ইমাম শাহীন, হাসান তারেক, মেজর জেনারেল ড. মনিরুল ইসলাম (আখতার), মো. জাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল এমরান। সভায় বিএপিএলসির মহাসচিব মো. আমজাদ হোসাইনও উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএসইসির পক্ষে চেয়ারম্যান মাসুদ খান ছাড়াও কমিশনার তানভীর হাবিব রহমান, মো. নাফিজ আল তারিক ও মো. হোসাইন সাদাত বৈঠকে উপস্থিত ছিলেন।


















