ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

জাহাজের সংঘর্ষের ঘটনায় পালটাপালটি কূটনীতিক তলব ভারত-পাকিস্তানের

আন্তর্জাতিক জলসীমায় একটি ভারতীয় জাহাজের সঙ্গে পাকিস্তানি একটি নৌযানের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের কূটনীতিককে তলব করেছে ভারত। পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণাল।

দিল্লির অভিযোগ, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের আচরণ ‘অগ্রহণযোগ্য ও অপেশাদারসুলভ’ ছিল, যার ফলে সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভারত আরও বলেছে, পাকিস্তানি নৌযানের এই আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। ওই চুক্তিতে সামরিক মহড়া, কৌশলগত নড়াচড়া ও সেনা চলাচলের বিষয়ে আগাম তথ্য জানানোর নিয়ম রয়েছে।

ভারত পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সামরিক বাহিনীর সব ইউনিটকে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে চলার এবং দুই দেশের মধ্যে থাকা চুক্তিগুলো মেনে চলার প্রয়োজনীয়তা জানাতে পাকিস্তানি কূটনীতিককে নির্দেশ দিয়েছে। একই বার্তা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও পৌঁছে দিতে বলা হয়েছে।

এদিকে, ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি কূটনীতিককে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনপথ কার্যালয়ে তলব করা হয় এবং তিনি সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।

কী ঘটেছিল?

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি চালানোর সময় একটি ভারতীয় যুদ্ধজাহাজের কাছাকাছি চলে আসে পাকিস্তানি একটি নৌযান।

ঘটনাস্থলটি ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে বলে জানা গেছে। সূত্রগুলোর দাবি, পাকিস্তানি নৌযানটি উচ্চ গতিতে এগিয়ে এসে অনিরাপদভাবে দিক পরিবর্তন করায় দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর দুই জাহাজকে আলাদা করে সরিয়ে নেওয়া হয়।

এখনও সংঘর্ষে জড়িত দুই জাহাজের সঠিক পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সূত্রগুলো দাবি করেছে, পাকিস্তানি হুনাইন শ্রেণির একটি করভেটের সঙ্গে ভারতের একটি ফ্রন্টলাইন যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছিল। ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ বাবর এবং ভারতীয় নৌবাহিনীর আইএনএস গোদাবরী একই ধরনের ঘটনায় জড়িয়েছিল।

তথ্যসূত্র: এনডিটিভি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ