পুঁজিবাজারের চলমান মন্দা ও বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসছে ডিএসই। আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়া এবং লেনদেনে স্থবিরতা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ে শীর্ষ ব্রোকারদের মতামত নিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বাজারে আস্থা ফেরাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও ব্রোকারদের কাছ থেকে মতামত নেবে ডিএসই।
সম্প্রতি শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দিয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ১০৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে যায়। ওই দিন লেনদেনও আগের তুলনায় ২৪ শতাংশ কমে প্রায় ৫৪৫ কোটি টাকায় দাঁড়ায়।
এরপর বাজার পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্যদের মধ্যে বৈঠকও হয়। ওই আলোচনায় বাজারের সাম্প্রতিক পরিস্থিতি, স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার বিষয় গুরুত্ব পায়।
ডিএসই সূত্র বলছে, আগামীকালের বৈঠকে শীর্ষ ব্রোকাররা বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবেন। বিশেষ করে সাম্প্রতিক দরপতনের কারণ, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক, লেনদেন কমে যাওয়ার কারণ এবং বাজারে তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া বাজার স্থিতিশীল করতে ডিএসইর পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে এবং ব্রোকারদের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন—সেসব বিষয়ও আলোচনায় আসতে পারে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের দুই কর্মদিবসে রবি ও সোমবার ডিএসইর প্রধান সূচক কমেছে ১৩৬. ১৬ পয়েন্ট। আর আজকের লেনদেন নেমেছে ৪০০ কোটির ঘরে; যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী করছে।


















