ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় শূন্য হওয়া এই আসনে নির্বাচনী তফসিল ঘোষণা হল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।
প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন আর ভোটকেন্দ্র ১৮৫। জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গত ২২ আগস্ট সংসদ সচিবালয় থেকে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।



















