ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

হংকংকে ছয় গোল দিয়ে টানা চতুর্থ জয় হকি কন্যাদের

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি শহরে চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী হকি দল। আজ বুধবার সকালে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নাকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মোকির মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে হংকং চায়নার রক্ষণভাগকে চাপে রাখে বাঘিনীরা। ম্যাচের নবম মিনিটেই আসে প্রথম গোল। পেনাল্টি কর্নার থেকে অধিনায়ক সারিকা রিমনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম গোলের পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোলে ব্যবধান ২-০ করেন তিনি। এরপর ২৬ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এই লিড নিয়েই বিরতিতে যায় লাল-সবুজের দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেও একই গতিতে আক্রমণ চালিয়ে যায় হকি কন্যারা। ৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে ব্যবধান হয় ৪-০। দুই মিনিট পরই আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আইরিন রিয়া, আর তাতে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।

শেষ পর্যন্ত গোলের ক্ষুধা মেটেনি বাংলাদেশের। ম্যাচের ৪৮ মিনিটে আবারও গোল করেন লিমা। নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

এদিন বাংলাদেশের ছয় গোলের মধ্যে অধিনায়ক রিমন একটি, রিয়া দুটি, কনা একটি এবং লিমা দুটি গোল করেন। হংকং চায়নার বিপক্ষে বড় এই জয় দিয়ে গ্রুপ পর্বে টানা চার ম্যাচে জয় পেল বাংলাদেশ। পুরো আসরে এখন পর্যন্ত অপরাজিত বাঘিনীরা। চীনের মাটিতে এমন দাপুটে পারফরম্যান্স বাংলাদেশের নারী হকির জন্যও বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

টুর্নামেন্টে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশের মেয়েরা। হংকং চায়নাকে ছয় গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বের শেষটাও হলো দুর্দান্তভাবে।

এদিকে টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ ৬টি ব্যক্তিগত গোল করেছেন অধিনায়ক সারিকা। তালিকার দুইয়েও আরেক হকি কন্যা রিয়া, তিনি গোল করেছেন ৫টি। এদিকে দলীয় হিসেবে শীর্ষে বাংলাদেশ। চার ম্যাচে মেয়েদের গোল সংখ্যা ২২। অবশ্য এক ম্যাচ কম খেলে এলিট পুলে থাকা ভারতের গোল সংখ্যাও সমান ২২।

গ্রুপপর্বে বাকি দলের ম্যাচ বাকি থাকলেও গ্রুপসেরা হয়েই কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। সেখানে মেয়েরা লড়বে এলিট পুলের তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ