ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

বাস মালিকদের দ্বন্দ্বের জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে হঠাৎ করে বাস বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যা শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বলবৎ রয়েছে।

পরিবহন শ্রমিকরা জানায়, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাসের চলাচলকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রাজশাহী বাসস্ট্যান্ড এলাকায় নাটোরের আরপি রোকেয়া ও তুহিন পরিবহনের শ্রমিকদের সঙ্গে রাজশাহীর শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, এ ঘটনার জের ধরে রাজশাহীর মালিকানাধীন একটি বাস নাটোরে আটকে রাখা হলেও পরে সেটি ছেড়ে দেওয়া হয়। কোনো শ্রমিককে মারধর করা হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে শুধু নাটোর ও রাজশাহীর মালিকানাধীন বাস এ রুটে চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক আছে। ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বলেন, নিয়ম না মেনে রাব্বি পরিবহনে বাস নাটোর -রাজশাহী রুটে চলাচল করায় নাটোরের তুহিন ও আরপি রোকেয়া পরিবহনসহ কয়েকটি বাস আটকে রাখা হয়। এ সময় শ্রমিকদের মারধরের অভিযোগ উঠে। এরপর থেকে রাজশাহীর মালিকানাধীন কোনো বাস নাটোরের ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। একইভাবে নাটোরের মালিকানাধীন বাসও রাজশাহীতে যেতে পারছে না।

রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাব্বি পরিবহনের মালিক রজব আলী বলেন, জনদুর্ভোগ এড়াতে রাজশাহী থেকে আলমডাঙ্গা রুটে রাব্বি পরিবহনের বাস চলাচলের বিষয়ে নাটোর বাস মালিক সমিতিকে জানানো হয়েছিল। কিন্তু তারা অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

দুইপক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত নাটোর-রাজশাহী রুটে দুই জেলার মালিকানাধীন বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ