ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে ৩৭ হাজার গ্রাহকের আবেদন

সম্মিলিতি ইসলামী ব্যাংকে আমানতের টাকা ফেরত পেতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আবেদন শুরু হয়েছে। মঙ্গল ও বুধবার দুইদিনে ৩৭ হাজার গ্রাহক আবেদন করেছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সে অনুযায়ী, গতকাল টাকা তুলতে আবেদন করেছেন ১৯ হাজার গ্রাহক।এর আগের দিন মঙ্গলবার জমা পড়েছিল ১৮ হাজার আবেদন। সব মিলিয়ে দুই দিনে জমা পড়া আবেদনে টাকার চাহিদা ২ হাজার ৪০০ কোটি। আবেদনগুলো যাচাই-বাছাই করে আগামী সোমবার থেকে টাকা দিতে শুরু করবে ব্যাংকটি।
সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একীভূতের পর এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের ব্যক্তিপর্যায়ের গ্রাহকরা তাদের জমা টাকা তুলতে পারবেন। যার জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংককে যেভাবে আপৎকালে ১৭ হাজার কোটি এবং ১৩ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়া হয়েছিল, ঠিক একইভাব সম্মিলিত ইসলামী ব্যাংককে টাকা ধার দেবে কেন্দ্রীয় ব্যাংক। মূলত নতুন টাকা ছাপিয়ে দেওয়া হবে এই জোগান। চাহিদা বুঝে পরে তা আরও বাড়তে পারে।
ব্যাংকটির কর্মকর্তারা জানালেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী আমানত ফেরতের আবেদন নেওয়া হচ্ছে। গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় গিয়ে আবেদন করতে হচ্ছে। আবেদন যাচাইয়ের পর নিয়ম অনুযায়ী তাদের পাওনা অর্থ পরিশোধ করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১০ কার্যদিবস লাগতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলনের সুযোগ পাবেন। তবে এই সুবিধার আওতায় আমানতের বিপরীতে অর্জিত বা প্রাপ্য মুনাফা পাওয়া যাবে না। কোনো গ্রাহক মূল টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ক্ষেত্রে সেটিকে পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। হস্তান্তরকারী ব্যাংকের কাছে ওই গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

যেসব গ্রাহক এখনই আমানত তুলবেন না, তারা হিসাব চালু রাখলে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হারে মুনাফা পাওয়ার সুযোগ পাবেন। তবে মেয়াদি আমানত মেয়াদপূর্তির আগে ভাঙলে মূল টাকা পাওয়া গেলেও ওই অর্থের ওপর মুনাফা পাওয়া যাবে না। আংশিক টাকা তুললে অবশিষ্ট অর্থের ওপর প্রযোজ্য নিয়মে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান সংবাদমাধ্যমকে জানান, ‘গতকাল রাতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে। টাকা দেওয়া হবে। আবেদন যাচাই-বাছাই করে গ্রাহককে মূলধন ফেরত দেওয়া হবে। আর যদি কেউ হিসাব চলতি রাখেন, তবে মুনাফাসহ পাবেন। আর মুদারাবা ও চলতি হিসাবে কোনো টাকা কাটা হবে না। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সব নির্দেশনা মেনে চলা হবে।’

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ