ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৬ অপরাহ্ন

নোয়াখালীতে ১২৩২ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ২৩২টি ইয়াবা বড়ি ও ২ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন (৩৪) এবং চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের অহিদুল্লাহর ছেলে জাবেদ আলম (২৮)। আটক অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালানো হয়। এর মধ্যে একলাশপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল দেলোয়ারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০টি ইয়াবাসহ তাঁকে আটক করে।

অন্যদিকে, ডিবির আরেকটি দল চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাবেদ আলমকে ৪০০টি ইয়াবাসহ আটক করে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে ৩২টি ইয়াবা ও ২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহমেদ পেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ