ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

উদ্বেগ ঘুচিয়ে আস্থার বাজার: নিরাপদ পোল্ট্রি মাংস উৎপাদনে নীতিনির্ধারণ ও কর্মশালার উদ্যোগ

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) পোল্ট্রি খাতের জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সবসময়ই বিশেষ গুরুত্ব দিয়ে আসছে এবং সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, দেশের পোল্ট্রি খাতকে আরও নিরাপদ, টেকসই ও জনস্বাস্থ্যবান্ধব করে তুলতে সম্প্রতি একটি কর্মশালা ও ব্রেইনর্স্টমিং সেশনের আয়োজন করে সংগঠনটি। এই কর্মশালায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীর গবেষণার উপাত্তভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়, যেখানে ফিড, পানি ও ব্রয়লার মাংসে অ্যান্টিবায়োটিক ও হরমোনের উপস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয় এবং পোল্ট্রি শিল্পকে বিশ্বমানের ও নিরাপদ করে তোলার সুনির্দিষ্ট উপায় নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালার মূল প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পোল্ট্রি বিজ্ঞানী ও গবেষক, ব্যবসায়ী এবং DLS, BLRI, BRAC এর কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে চারটি ভিন্ন দলে বিভক্ত করে একটি ফলপ্রসূ ব্রেইনর্স্টমিং সেশন আয়োজন করা হয়। এই সেশনগুলোর মূল লক্ষ্য ছিল ব্রয়লার মাংসকে সাধারণ মানুষের মাঝে আরও জনপ্রিয় করে তোলা, জনসচেতনতা বৃদ্ধি করা এবং হরমোন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিখুঁতভাবে পরিমাপ ও নিয়ন্ত্রণ করার কার্যকর উপায় খুঁজে বের করা। পোল্ট্রি খাতের লাইভ মার্কেট পদ্ধতিকে ধাপে ধাপে বাদ দিয়ে, আধুনিক ও স্বাস্থ্যসম্মত বাজার ব্যবস্থার দিকে এগোনোর সুনির্দিষ্ট পথও সেশন থেকে উঠে এসেছে।

নিরাপদ উৎপাদন প্র্যাকটিস: ব্রয়লার মাংস উৎপাদনে খামারি পর্যায়ে অ্যান্টিবায়োটিক ও হরমোনের যত্রতত্র ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মানসম্মত উৎপাদন নিশ্চিত করা সম্ভব।

লাইভ মার্কেট ফেজ-আউট: জনস্বাস্থ্য সুরক্ষায় ধাপে ধাপে অস্বাস্থ্যকর লাইভ মার্কেট ব্যবস্থা দূর করে আধুনিক ও স্বাস্থ্যসম্মতভাবে বাজারজাতকরণের ওপর জোর দেওয়া হয়েছে।

নিয়মিত মনিটরিং ও রেগুলেশন: ফিড মিল থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত প্রতিটি স্তরে সরকারি নজরদারি বাড়াতে হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কর্তৃক জারিকৃত পোল্ট্রি নীতিমালা ২০২৬ বাস্তবায়নের জন্য গুরুত্ব আরোপ করা হয়।

কর্মশালায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি জনাব মশিউর রহমান, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন – বাংলাদেশ শাখা (WPSA-BB) এর সভাপতি জনাব শামসুল আরেফিন খালেদ সহ পোল্ট্রি শিল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এই কর্মশালা থেকে প্রাপ্ত সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো যদি খামার থেকে শুরু করে বাজারজাতকরণের প্রতিটি স্তরে বাস্তবায়ন করা সম্ভব হয়, তবেই দেশে নিরাপদ ব্রয়লার উৎপাদন নিশ্চিত হবে, আন্তর্জাতিক বাজারে পোল্ট্রি রপ্তানির নতুন সম্ভাবনা উন্মোচিত হবে এবং সামগ্রিক পোল্ট্রি শিল্প এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ