ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

আজ থেকে নতুন শো উপস্থাপনায় সৌরভ গাঙ্গুলী

২২ গজের অধ্যায় শেষ করে নতুন জগতে পা রেখেছিলেন অনেক আগেই। প্রায় ১৫ বছর ধরে সাফল্যের সঙ্গে জি বাংলার রিয়েলিটি শো ‘দাদাগিরি’ উপস্থাপনার পর এবার চ্যানেল বদলেছেন সৌরভ গাঙ্গুলী। পা রেখেছেন স্টার জলসায়। এ চ্যানেল নিয়ে আসছে ‘বিগ বস বাংলা’। এই নতুন রিয়েলিটি শো উপস্থাপনা করছেন সৌরভ গাঙ্গুলী। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হবে বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিং। প্রচারিত হবে স্টার জলসায় আগামীকাল থেকে বাংলাদেশ সময় প্রতিদিন রাত ১০টায়।

অভিনয়শিল্পী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল, সংগীতশিল্পী দুর্নিবার সাহা প্রমুখ বিগ বসের ঘরে আসবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এ ছাড়া থাকতে পারেন সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিং। তবে কারা অংশ নেবেন বিগ বস বাংলায়, তা গোপন রাখা হয়েছে। আজ গ্র্যান্ড ওপেনিংয়ে সৌরভ গাঙ্গুলী চূড়ান্ত ঘোষণা করবেন, কারা অংশ নেবেন বিগ বস বাংলায়।

২০১৩ সালে সর্বভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর আদলে ‘বাংলা বিগ বস’ শুরু হয় ইটিভি বাংলায়। তাতে সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী। ৯০ দিন পর এই শোয়ের বিজয়ী হন অনীক ধর। এরপর দুই বছর বন্ধ থাকে শোটি। ২০১৬ সালে আবার শুরু হয়, সেবার সঞ্চালক ছিলেন জিৎ। চ্যানেল বদলে সেবার বাংলা বিগ বস প্রচারিত হয় কালারস বাংলায়। দ্বিতীয় সিজনে জয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এবার নতুন উপস্থাপক, নতুন চ্যানেল আর নতুন ফরম্যাট নিয়ে এক দশক পর আবার শুরু হচ্ছে বিগ বস বাংলা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ