গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দুই রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই জেলার যাত্রীরা। বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চলাচলে স্থানীয় পরিবহন শ্রমিকরা বাধা দেন। এর জেরে ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের লোকজন রাজবাড়ীর লোকাল বাস টার্মিনালে লোকজন আটকে দেন এবং শ্রমিকদের মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে দুপুর ১২টার পর থেকে রাজবাড়ী ও ফরিদপুরের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলার কথা থাকলেও বর্তমানে এর চেয়ে বেশি ট্রিপ পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার গোল্ডেন লাইনের একটি বাস চলাচলে বাধা দেওয়ার পর ফরিদপুরেও রাজবাড়ীর বাস চলাচলে বাধা দেওয়া হয়। এরপর থেকেই রাজবাড়ী থেকে কোনো বাস ফরিদপুরে যেতে পারছে না, আবার ফরিদপুর থেকেও কোনো বাস রাজবাড়ীতে আসছে না।
বাস চলাচল বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিয়মিত যাতায়াতকারী যাত্রী ও দূরপাল্লার যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এতে তাদের যাতায়াত খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত সময়ও লাগছে।
যাত্রীরা বলছেন, দুই পক্ষের বিরোধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত পরিবহন মালিক ও শ্রমিকদের বিরোধের সমাধান করে দুই রুটে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।


















