ঢাকা, সোমবার, ৩ অগাস্ট ২০২৬, ৩:০৩ পূর্বাহ্ন

ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক: বিশ্বব্যাংক

বিশ্বের উন্নত ও উদীয়মান অর্থনীতিগুলো যখন উচ্চগতির ইন্টারনেটভিত্তিক ডিজিটাল অর্থনীতি গড়ে তুলছে, তখন ধীরগতির ইন্টারনেটের কারণে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের গতিতে ১০৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯১তম এবং ফিক্সড ব্রডব্যান্ডে ১৪১ দেশের মধ্যে ৯৩তম।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘দ্য আনফিনিশড ডিজিটাল রেভল্যুশন: এক্সপ্যান্ডিং ইন্টারনেট অ্যাকসেস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফোরজি নেটওয়ার্ক শতভাগ জনগোষ্ঠীর কাছে পৌঁছালেও ২০২৪ সালে বাস্তবে মাত্র ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেছে। অর্থাৎ প্রায় ৪৭ শতাংশ মানুষ এখনো ডিজিটাল সেবার বাইরে রয়েছে। উচ্চমূল্যের ডিভাইস, ব্যয়বহুল ডেটা প্যাকেজ ও ডিজিটাল সাক্ষরতার ঘাটতিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের মধ্যম গতি ৪৩ এমবিপিএস এবং ব্রডব্যান্ডের গতি ৬৬ এমবিপিএস। বিপরীতে সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ইন্টারনেটের গতি ৬৮১ এমবিপিএস এবং সিঙ্গাপুরে ব্রডব্যান্ডের গতি ৪২১ এমবিপিএস। ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ডও এ ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।

বিশ্বব্যাংকের মতে, দ্রুত, স্থিতিশীল ও নির্ভরযোগ্য ইন্টারনেট এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি উৎপাদনশীলতা, বিনিয়োগ, কর্মসংস্থান, রফতানি, উদ্ভাবন ও ডিজিটাল অর্থনীতির অন্যতম ভিত্তি। ধীরগতির ইন্টারনেট ফ্রিল্যান্সিং, স্টার্টআপ, ই-কমার্স, অনলাইন শিক্ষা, টেলিহেলথ, সরকারি ডিজিটাল সেবা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
.
বিশেষজ্ঞরা বলছেন, দেশে দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্কে পর্যাপ্ত অবকাঠামোগত বিনিয়োগ না হওয়ায় সেবার মান প্রত্যাশিতভাবে উন্নত হয়নি। প্রতিবেশী অনেক দেশ ফাইভজি প্রযুক্তিতে এগিয়ে গেলেও বাংলাদেশ এখনো ফোরজির গুণগত মান উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। ফলে সরকারের ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যও বাধাগ্রস্ত হতে পারে।

বিশ্বব্যাংক বলছে, শুধু নেটওয়ার্ক বিস্তার নয়; সাশ্রয়ী ইন্টারনেট, উন্নত অবকাঠামো, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ-শহর বৈষম্য কমানোর মাধ্যমে অর্থবহ ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি আরও বাড়বে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ