ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন সনদ নবায়নে বিধিমালা মানেনি ডিএসই, ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) মোনার্ক হোল্ডিংস লিমিটেড-এর স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়ন সংক্রান্ত সুপারিশের ক্ষেত্রে যথাযথ বিধিমালা পরিপালন করেনি।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার,স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০’ এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’-এ প্রয়োজনীয় তথ্যাদি যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নিবন্ধন সনদ নবায়নের পক্ষে ইতিবাচক (Positive)সুপারিশ প্রদান করেছে, যা বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর রেগুলেটরি দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতার পরিচায়ক।

ডিএসই কেন বিধিমালা অনুযায়ী সুনির্দিষ্ট (নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে) সুপারিশ প্রদান করতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসি’র চেয়ারম্যান জনাব মাসুদ খান এর সভাপতিত্বে ১০২২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিএসইসি জানায়, পরবর্তীতে কমিশন এ বিষয়ে ডিএসইর নিকট ব্যাখ্যা তলব করলে, ডিএসই ফরম ‘ছ’ পূরণসহ প্রয়োজনীয় তথ্যাদি প্রেরণ করলেও উক্ত প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি সুপারিশ প্রদান করেনি। এ প্রেক্ষিতে, ডিএসই কেন বিধিমালা অনুযায়ী সুনির্দিষ্ট (নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে) সুপারিশ প্রদান করতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে, ব্যাখ্যা তলবের পত্র প্রাপ্তির ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে বিধিমালার আলোকে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংস লিমিটেড-এর নিবন্ধন সনদ নবায়ন বিষয়ে একটি সুনির্দিষ্ট সুপারিশ কমিশনে প্রেরণের জন্য ডিএসইকে নির্দেশনা প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ