ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়ছে বিশ্বজুড়ে তেলের লেনদেনে। পরিস্থিতি এতটাই বেগতিক যে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আর্ন্তজাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯৬ ডলারে। গত জুনের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের এই মূল্যবৃদ্ধি সবচেয়ে বড় লাফ হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, মার্কিন বাজারের জ্বালানি সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামেও একই ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজারে ডব্লিউটিআই তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভৌগোলিক উত্তেজনা এ বাজারকে আরও অনিশ্চিত করে তুলছে।

বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি। মার্কিন বাহিনীর নতুন পদক্ষেপ এবং লোহিত সাগরে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে চলা হামলা সমুদ্রপথে জ্বালানি পরিবহনে বিশাল ঝুঁক সৃষ্টি করেছে। রুটগুলোতে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের বিশ্ববাজার দ্রুত অস্থির হয়ে উঠছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সংকট নিরসনে কোনো সুনির্দিষ্ট কূটনৈতিক সমাধান না এলে জ্বালানি তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা শিগগিরই থামার কোনো লক্ষণ নেই। এর আগের লেনদেনগুলোতেও তেল সূচকের উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ করা গিয়েছিল, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলারে উঠে এসেছিল। নতুন করে মূল্যবৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ