তেহরানের মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালী পাড়ি দেওয়া সহজ হবে বলে জানিয়েছেন চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি। তিনি জানিয়েছেন, এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নতুন কিছু মাশুল বা সার্ভিস চার্জ আরোপের পরিকল্পনা করছে ইরান।
শনিবার (৪ জুলাই) বেইজিংয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড পিস ফোরাম’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওমানের সঙ্গে মিলে ইরান এই নতুন ব্যবস্থা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে জাহাজ চলাচলের ওপর নজরদারি, পরিবেশগত তদারকি এবং প্রয়োজনীয় সার্ভিস ফি আদায়।
তবে এটিকে সরাসরি ‘টোল’ বা খাজনা হিসেবে আখ্যা দিতে নারাজ তেহরান। এ বিষয়ে রহমানি ফাজলি স্পষ্টভাবে বলেন, ‘আমরা অবশ্যই সার্ভিস ফি নেব। তবে যারা আমাদের কঠিন সময়ে পাশে ছিল, সেই বন্ধুরাষ্ট্রগুলোর জন্য আমরা বিশেষ সুবিধা বা অগ্রাধিকারের বিষয়টি বিবেচনা করছি।’
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল



















