ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি, ডলারের শক্তিশালী অবস্থান এবং চলতি বছর মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে-এমন প্রত্যাশার কারণে বিশ্ববাজারে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। এতে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৪২.৬১ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ শতাংশ কমে ৪,১৬০.২০ ডলারে দাঁড়ায়।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দাম কমায় স্বর্ণ কিছুটা সুবিধা পেলেও শক্তিশালী মার্কিন ডলারের কারণে সেই সুবিধা ধরে রাখতে পারছে না। ফেড সুদের হার বাড়াতে পারে-এমন প্রত্যাশায় ডলারের মান আরও বেড়েছে, যা স্বর্ণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।
গত সপ্তাহে এক বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পরও ডলার শক্ত অবস্থানে রয়েছে। ফলে অন্যান্য মুদ্রার তুলনায় স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য শিথিল করেছে। নবগঠিত শান্তি চুক্তির আলোকে প্রথম দফার আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার ৩.৩ শতাংশ, প্লাটিনাম ১.৯ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৮ শতাংশ কমে গেছে।


















