টানা ১২ ঘণ্টা পর রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম নিজ সভাকক্ষে পরিবহণ শ্রমিকদের সাথে বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশনের ঘোষিত ২১ সদস্যের রাজশাহী জেলা কমিটি স্থগিত এবং ঈদ-উল আযহার পর নতুন নির্বাচনের ঘোষণা দেয়ায় শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।
এরপর রাত সাড়ে ৯টায় সারাদেশের সাথে রাজশাহীর বাস চলাচল শুরু হয়। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার রাতে বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশনের ঘোষিত ২১ সদস্যের রাজশাহী জেলা কমিটি বাতিল এবং অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে সোমবার সকাল থেকে পরিবহণ ধর্মঘট আহবান করেন। এরপর সোমবার সকালে শ্রমিকরা লাঠি-সোটা হাতে সড়ক-মহাসড়কে অবস্থান নিলে রাজশাহী থেকে সারাদেশে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিকরা শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন।
দিনভর বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
কুমিল্লাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য আগেভাগেই ছুটি নিয়েছিলেন। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি অভিযোগ করেন, মাঝেমধ্যেই শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন রাজশাহী জেলা কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে। রফিকুল ইসলাম পাখি সংগঠনটির স্বঘোষিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। স¤প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলে।
জানা গেছে, রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতিও। বাস চলাচল বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম পাখি অবশ্য বলেন, ‘কে বা কারা বাস বন্ধ করেছে, সেটি তিনি জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।’
এর আগে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’


















