ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও ৮ মাসের শিশু।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্ত্বনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ স্ত্রী মিষ্টি বাড়ৈ। রবিবার বিকালে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি আরো জানান, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে।

এদিকে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ