ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে হতে পারে—এমনটি ধরে নিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে ঈদযাত্রার শেষ দিন অর্থাৎ ২৭ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ রোববার (১৭ মে)। বরাবরের মতোই যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ আসনের টিকিট অনলাইনে (অ্যাপ ও ওয়েবসাইটে) বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৫ দিনের টিকিট অগ্রিম দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ১৩ মে দেওয়া হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে দেওয়া হয়েছে ২৪ মে’র, ১৫ মে দেওয়া হয়েছে ২৫ মে’র এবং ১৬ মে দেওয়া হয়েছে ২৬ মে’র টিকিট। আজ ১৭ মে দেওয়া হচ্ছে ২৭ মে’র টিকিট। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবারই কিনতে পারবেন এবং একটি আইডিতে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। এই টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। তবে সাধারণ ও কর্মজীবী যাত্রীদের অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ