ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে শাহ আলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), তদন্তে পাওয়া আসামি মো. আরমান দেওয়ান (২৯) এবং এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. আজম (২৬)।

ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহ আলী মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় এক নারীর করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে মাদক সেবনের অভিযোগ তুলে শাহ আলীর মাজারে আগত কয়েকজনকে মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে শাহ আলী থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করেন মোসাম্মৎ রেসমি বেগম।

মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ