ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের গেজেট আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সবাই

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের নামের গেজেট প্রকাশ করবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২৯ এপ্রিল) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং শূন্য পদের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী থাকায় আইন অনুযায়ী সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, বৈধ ৪৯ জন প্রার্থীর তালিকা কমিশনে উপস্থাপন করা হয়েছে এবং আজই গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর তা জাতীয় সংসদ সচিবালয়-এ পাঠানো হবে, যেখানে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণের আয়োজন করা হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে। এছাড়া তালিকায় রয়েছেন ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানাসহ আরও প্রার্থীরা।

স্বতন্ত্র জোট থেকে একমাত্র প্রার্থী হিসেবে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে জামায়াত জোটের নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় সংরক্ষিত নারী আসনে দলগুলোর সংসদে আসন সংখ্যার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এবারও সেই নিয়ম অনুসরণ করে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

গেজেট প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যেই নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ