৬৮ হাজার টন ডিজেল নিয়ে আরও দুটি মাদার ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। মঙ্গলবার মধ্যরাতে ট্যাঙ্কার দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। নিয়ম অনুযায়ী, বহির্নোঙরে কিছু ডিজেল খালাস (লাইটারিং) শেষে ট্যাঙ্কার দুটি ডলফিন জেটিতে বাকি ডিজেল খালাসের কাজ সম্পন্ন করবে।
জাহাজ দুটির মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ নামক মাদার ট্যাঙ্কারে রয়েছে প্রায় ৩৩ হাজার টন ডিজেল। এই জ্বালানি সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। অন্যদিকে, ‘এমটি লুসিয়া সলিস’ নামক মাদার ট্যাঙ্কারে আছে প্রায় ৩৫ হাজার টন ডিজেল, যার সরবরাহকারী প্রতিষ্ঠান সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দৈনিক প্রায় ১১ হাজার টনের বেশি ডিজেল বিক্রি হচ্ছে। গত ১২ এপ্রিল পর্যন্ত দেশে সরবরাহযোগ্য ডিজেলের মজুত ছিল ১ লাখ ১৯ হাজার টন, যা দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব ছিল। নতুন এই বিশাল চালান যুক্ত হওয়ায় মজুত আরও দুই সপ্তাহের জন্য বৃদ্ধি পাবে।


















