ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ঘোষণা

বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ম্যাচটি লিওনেল মেসির অধিনায়কত্বেই খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ৩১ মার্চ বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে গুয়াতেমালার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই প্রীতি ম্যাচের জন্য বুধবার ২৮ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ২৭ মার্চ ফিনালিস্সিমা ট্রফির লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল গতবারের ইউরো জয়ী স্পেন। পরে স্বাগতিক কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলার কথা ছিল কোপা আমেরিকা জয়ীদের। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সব ভেস্তে যায়।

শেষ মুহূর্তে গুয়াতেমালার বিপক্ষে ম্যাচের আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। গত বিশ্বকাপের অভিযানে যাওয়ার আগেও এখানেই শেষ ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

কাতারে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন মেসি। বয়স ৩৮ বছর পেরিয়েও এখনও স্বরূপে ছুটে চলেছেন তিনি। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত গোল করছেন, ক্লাবটিকে ইতোমধ্যে তিনটি শিরোপাও জিতিয়েছেন আটবারের বর্ষসেরা ফুটবলার। বৃহস্পতিবার সকালে স্পর্শ করেছেন দ্রুততম ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক।

তাকে ঘিরেই বিশ্বসেরার মুকুট ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনার মানুষ। তবে আসছে বিশ্বকাপে খেলবেন কিনা তা স্পষ্ট করে কভনই বলেননি মেসি। তবে ইঙ্গিত দিয়েছেন খেলার।

মেসির সঙ্গে প্রত্যাশিতভাবেই দলে আছেন তার ক্লাব সতীর্থ রদ্রিগো দে পল। নিয়মিতদের মধ্যে আরও আছেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, মিডফিল্ডার এন্সা ফের্নান্দেস ও ডিফেন্সিভ মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।

চোটের কারণে আসছে ম্যাচের স্কোয়াডে অনুপস্থিত তিনটি নাম উল্লেখযোগ্য- জিওভান্নি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এস্তুদিয়ান্তেসের ডিফেন্ডার তমাস পালাসিওস ও রেসিংয়ের ডিফেন্ডার গাব্রিয়েল রোহাস। আর গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে দলের ২-০ গোলে জেতা সবশেষ প্রীতি ম্যাচে অনুপস্থিত থাকা মার্কোস আকুনা দলে ফিরেছেন।

আর্জেন্টিনার দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, হুয়ান মুস্সো

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গন্সালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, তমাস পালাসিওস, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তের, মাক্সিমো পেরোনে, রদ্রিগো দে পল, এনসো ফের্নান্দেস, ভালেন্তিন বার্কো, এসেকিয়েল পালাসিওস, নিকো পাস, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ানো সিমেওনে, জানলুকা প্রেস্তিয়ানি, নিকোলাস গন্সালেস, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ