ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

মোবাইল আমদানি ও রেজিস্ট্রেশনে সাত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বিএমইটি কার্ডধারী প্রবাসীরা ট্যাক্স ছাড়াই সর্বোচ্চ তিনটি মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশে ক্লোন মোবাইল, চুরি/ছিনতাই করা ফোন এবং রিফারবিশড মোবাইল আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

গত ১ ডিসেম্বর সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সভায় আরও সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমত, প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।

দ্বিতীয়ত, বিএমইটি কার্ডধারীরা নিজের ব্যবহারের ফোনের সঙ্গে দুটি নতুন ফোন আনতে পারবেন ট্যাক্সমুক্তভাবে। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে। বিএমইটি কার্ড ছাড়া প্রবাসীরা নিজের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। তবে ক্রয়কৃত মোবাইলের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে

তৃতীয়ত, স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে, যা বৈধভাবে আমদানি করা ফোনের দাম কমাবে। বর্তমানে শুল্ক প্রায় ৬১ শতাংশ। এই শুল্ক কমালে বাংলাদেশের ফ্যাক্টরিতে উৎপাদিত ফোনের শুল্ক ও ভ্যাটও সমন্বয় করা হবে, যাতে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয়।

চতুর্থত, প্রবাসীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেন কেউ তাদের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে না। সাইবার অপরাধ, অনলাইন স্ক্যামিং, মোবাইল ব্যাংকিংসহ যেকোনো অপরাধ থেকে রক্ষা পেতে নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার আবশ্যক।

পঞ্চমত, ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা ফোনের মধ্যে বৈধ আইএমইআই নম্বরযুক্ত ফোনগুলোর হ্রাসকৃত শুল্কে বৈধকরণের ব্যবস্থা করা হচ্ছে। তবে ক্লোন ও রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

ষষ্ঠত, বর্তমানে ব্যবহৃত সচল ফোন কোনোভাবেই ১৬ ডিসেম্বরের আগে বন্ধ হবে না। একই সঙ্গে বৈধ আইএমইআই নম্বর ছাড়া হ্যান্ডসেট ক্রয় থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করা হয়েছে।

সপ্তমত, বিদেশ থেকে পুরনো ফোনের অবৈধ ডাম্পিং, কেসিং পরিবর্তন করে ইলেকট্রনিক বর্জ্য আনা ও চোরাচালান বন্ধ করা হবে। বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে ভারত, থাইল্যান্ড, চীন থেকে আসা ফ্লাইটের নজরদারি বাড়ানো হবে এবং কাস্টমস থেকে অভিযান চলবে।

প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ মোবাইল সিমের আইএমইআই ও রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটার সুরক্ষা নিশ্চিত করবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য লঙ্ঘনকারীদের অপরাধের আওতায় আনা হবে। সুতরাং অযথা গুজব থেকে বিরত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ