ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

হজ শেষে দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৫১ হাজার ৬১৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত পাওয়া হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

প্রাপ্ত তথ্যে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৬০৮ জন হজযাত্রী দেশে ফিরেছেন। তাদের প্রত্যাবর্তনের জন্য পরিচালিত হয়েছে মোট ১৩৪টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি, সৌদি পতাকাবাহী সাউদিয়া এয়ারলাইন্স ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

ফিরতি যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছেন ২২ হাজার ১৪৯ জন, সাউদিয়া এয়ারলাইন্সে ২১ হাজার ২৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফিরেছেন ৮ হাজার ৪৪১ জন।

হজ পালনে যাওয়া বাংলাদেশিদের সহায়তায় সৌদি আরবে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো ৬৬ হাজার ৩৪৮টি অটোমেটেড প্রেসক্রিপশন দিয়েছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২৪ হাজার ৩৯৫টি সেবা প্রদান করেছে। এ ছাড়া, দেশটির সরকারি হাসপাতালগুলো ৩০৮ জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিয়েছে, যাদের মধ্যে এখনও ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

তবে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মারা গেছেন ৩৮ জন বাংলাদেশি। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। স্থানভেদে দেখা যায়, ২৫ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় একজন করে।

হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ১০ জুলাই। ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে হাজিদের দেশে ফেরার কার্যক্রম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ