আজ ঢাকার দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ এবং আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদযাপন করছেন বিশেষ আয়োজন। মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখানের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা কলেজের রিইউনিয়ন। পাশাপাশি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উদযাপন চলছে স্কুল প্রাঙ্গণে।
ঢাকা কলেজ রিইউনিয়নের আয়োজনটি সকাল ৮টায় শুরু হয়েছে এবং চলবে দিনভর। ২০০৮ সালের আগের প্রাক্তন শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিচ্ছেন। স্বাগত বক্তব্য ও আপ্যায়নের পর গেম শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শেষ হবে।
সাংস্কৃতিক পর্বে পারফর্ম করবেন নন্দিত সংগীতশিল্পী ন্যান্সি, কর্ণিয়া এবং তানযীর তুহীন ও তাঁর ব্যান্ড আভাস। আয়োজক কমিটির সদস্য সচিব সৈয়দ মাজহারুল হক সোহাগ বলেন, “এই আয়োজন অনেকের হৃদয়ে গভীর ছাপ রেখে যাবে।”
গতকাল থেকে শুরু হওয়া আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২০ বছর পূর্তির মূল আয়োজন আজ অনুষ্ঠিত হচ্ছে। স্কুলের ১৯৫৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিচ্ছেন।
দিনভর নানা আয়োজনের পর সন্ধ্যায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। এতে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলস, পাওয়ার ভয়েস তারকা সজল, তরুণ কণ্ঠশিল্পী লুইপাসহ আরও অনেকে।

মাইলস ব্যান্ডের সদস্যরা জানান, “মাইলফলক স্পর্শ করার মুহূর্তগুলো স্মরণীয় করে রাখা উচিত। এই আয়োজনে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”
আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা, শিক্ষার্থীদের এ মিলনমেলা সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে।


















