ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৪:০১ অপরাহ্ন

করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি

পাকিস্তানের করাচিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। জনদুর্ভোগ কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভি এ তথ্য জানান।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ও মিছিলের কারণে তীব্র যানজট তৈরি হচ্ছে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি জরুরি সেবার যান চলাচল ও হাসপাতালে যাতায়াত ব্যাহত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় করাচি বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, অবস্থান, মিছিল, শোভাযাত্রা এবং পাঁচজনের বেশি মানুষের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ১১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

প্রশাসন জানিয়েছে, জনশান্তি বজায় রাখা, নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি সেবার যান চলাচল স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনার মধ্যে করাচিতে এ নিষেধাজ্ঞা জারি হলো। এর আগে খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির ঘটনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। তথ্যসূত্র: ডন

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ