ঢাকা, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

দুদক সংস্কারে ৪৭ সুপারিশ, সাংবিধানিক প্রতিষ্ঠার প্রস্তাব

দুর্নীতি দমন কমিশন (দুদক)কে আরও কার্যকর ও স্বাধীন করতে ৪৭টি সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন। এর মধ্যে কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি, সদস্য সংখ্যা তিন থেকে পাঁচে বৃদ্ধি এবং অন্তত একজন নারী সদস্য অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদন জমা দেওয়ার পর ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদককে শক্তিশালী করতে এটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া প্রয়োজন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সদস্য সংখ্যা পাঁচে উন্নীত করা এবং বিচারিক ও আর্থিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সুপারিশগুলোকে স্বল্পমেয়াদী (৬ মাস), মধ্যমেয়াদী (১৮ মাস) এবং দীর্ঘমেয়াদী (৪৮ মাস) কাঠামোতে ভাগ করা হয়েছে।

  • সদস্য সংখ্যা বৃদ্ধি: কমিশনের বর্তমান তিন সদস্য থেকে পাঁচ সদস্যে উন্নীত করার প্রস্তাব, যার মধ্যে একজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।
  • নিয়োগ ও প্রণোদনা ব্যবস্থা: সার্চ কমিটি গঠন, কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং প্রণোদনা দেওয়ার সুপারিশ।
  • স্বাধীনতা ও কার্যকারিতা: দুদকের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি আইনের সংস্কার।

২০২৪ সালের ৩ অক্টোবর থেকে সংস্কার কমিশন কাজ শুরু করে। কাজ শেষ করতে চলতি মাসের প্রথম সপ্তাহের সময়সীমা থাকলেও তা বাড়িয়ে ১৫ জানুয়ারি করা হয়।

ড. ইফতেখারুজ্জামান আশা প্রকাশ করেন, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন হলে দুদক আরও স্বচ্ছ, ন্যায়পাল ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ