ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন

সাকিবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা: চ্যাম্পিয়ন্স ট্রফির দল কি তাঁকে ছাড়াই?

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আর মাত্র দু’দিন বাকি। তবে এখনও অনিশ্চিত সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। নির্বাচক প্যানেল নিশ্চিত নয়, তাঁকে দলে রাখা যাবে কি না। বিসিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা এখনও নির্বাচকদের জানানো হয়নি।

বোলিং অ্যাকশন প্রতিবেদন নিয়ে জটিলতা

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তারা। তবে সূত্র বলছে, বিষয়টি কেবল রিপোর্টের অপেক্ষা নয়। বিসিবি এই সিদ্ধান্তের জন্য তাকিয়ে আছে আরও উচ্চ পর্যায়ের অনুমোদনের দিকে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ আগেই জানিয়েছেন, তিনি সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চান। তবে তার সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাও সীমিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলে রাখা ও বাদ দেওয়ার প্রস্তুতি

নির্বাচকরা সাকিবকে রেখে এবং বাদ দিয়ে দু’টি ভিন্ন স্কোয়াড প্রস্তুত রেখেছেন। সাকিব থাকলে পাঁচ পেসার এবং না থাকলে একাধিক স্পিনার অন্তর্ভুক্ত করা হবে। তামিম ইকবালের ফেরা বা না ফেরাও প্রভাব ফেলতে পারে লিটন দাসের সুযোগের ওপর। আন্তর্জাতিক ওয়ানডেতে দীর্ঘদিন রান না পাওয়া লিটনকে নিয়ে দ্বিধায় রয়েছেন নির্বাচকরা।

ব্যাটিং ও বোলিং লাইনআপ

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ব্যাটিং লাইনআপে অভিজ্ঞ মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম এবং তরুণ তাওহিদ হৃদয় থাকছেন। তামিম ও সাকিবের অনুপস্থিতি হলে দলে জায়গা পেতে পারেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার।

বোলিং বিভাগে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামসহ পেসারদের মধ্যে চার বা পাঁচজনকে নেওয়া হতে পারে। স্পিনে থাকবেন নাসুম আহমেদ ও তানভীর ইসলাম।

১২ জানুয়ারির দলেই আস্থা বিসিবির

বিসিবি জানিয়েছে, ১২ জানুয়ারি ঘোষিত স্কোয়াডকেই ধরে রাখা হবে। ইনজুরি বা বড় কোনো সমস্যা না হলে স্কোয়াডে পরিবর্তন আনতে চায় না বোর্ড। নির্বাচিত ক্রিকেটারদের উপর আস্থা রাখতেই এই সিদ্ধান্ত।

সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে দোলাচল থাকলেও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা আসন্ন। সাকিব ছাড়াও দল কীভাবে পারফর্ম করবে, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ