টানা দ্বিতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জুনিয়র টাইগ্রেসরা।
ব্যাটিংয়ে শক্ত ভিত
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সুমাইয়া আক্তারের দল। জান্নাতুল মাওয়া ৪৫ বলে ৪৫ রান করে দলের বড় ইনিংস গড়েন। তার সঙ্গে ঝড়ো ব্যাটিং করেন সাদিয়া আক্তার, মাত্র ১৯ বলে করেন ৩৫ রান। এছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ২৬ (২১ বল) ও ইভা ১৯ (১৬ বল) রান করে দলের স্কোর সমৃদ্ধ করেন।
মালয়েশিয়ার পক্ষে মার্শিয়া বিনতে আব্দুল্লাহ ৩টি এবং নূর ইসমা ২টি উইকেট নেন।
বল হাতে বিধ্বংসী টাইগ্রেসরা
১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২৯ রানে অলআউট হয় মালয়েশিয়া। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে ১২। ওপেনার নূর আলিয়া করেন মাত্র ৫ রান।
বল হাতে অসাধারণ পারফর্ম করেন নিশিতা আক্তার নিশি। মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। হাবিবা ৩টি এবং আনিসা নেন বাকি ২টি উইকেট।

টানা দ্বিতীয় জয়
এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টাইগ্রেসরা এবং জায়গা করে নিয়েছে সুপার ফোরে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের এই দাপুটে পারফরম্যান্সে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।


















