বলিউডের কিংবদন্তি রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন কাপুর পরিবার। এই শুভক্ষণে দীর্ঘ সময় আলাপ করেন পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী মোদি তাদের কাছ থেকে পরিবারের খোঁজ-খবর নেন এবং বিশেষভাবে সাইফ আলি খান ও কারিনা কাপুরের দুই সন্তান তৈমুর ও জেহ সম্পর্কে জানতে আগ্রহ দেখান।
এসময় মোদি তৈমুর ও জেহর জন্য একটি কাগজে অটোগ্রাফ দেন, যা নিয়ে উচ্ছ্বসিত হন কারিনা। তিনি বলেন, এটি তাদের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকবে। সাইফ-কারিনার সন্তানদের সঙ্গে দেখা করারও আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ভিডিওতে সাইফকে বলতে শোনা যায়, “আপনিই প্রথম প্রধানমন্ত্রী, যার সঙ্গে আমি চোখে চোখ রেখে কথা বলার সুযোগ পেয়েছি। কঠোর পরিশ্রমী একজন নেতা হিসেবে আপনার প্রতি আমাদের শ্রদ্ধা।” সাইফের কথায় রসিকতা করে মোদি বলেন, “তোমার বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। আশা করেছিলাম তৃতীয় প্রজন্মকেও দেখতে পাব। কিন্তু তুমি তাদের নিয়ে এলে না।”
সাইফ-কারিনা তাদের দুই সন্তানকে নিয়ে সুখের সংসার করছেন। তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে, আর জেহর বয়স চার বছর।
কাপুর পরিবারের এই সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন নীতু কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, ঋদ্ধিমা কাপুর সাহনি ও তার স্বামী ভারত সাহনি, রিমা জৈন এবং মনোজ জৈন।

সূত্র: হিন্দুস্থান টাইমস


















