সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা একের পর এক শহর দখলের পর রাজধানী দামেস্কে ঢুকে পড়েছেন। এ অবস্থায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছে পালিয়ে গেছেন বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল-আসাদ একটি উড়োজাহাজে চড়ে দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে, দামেস্ক শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে।
এ বিষয়ে লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটায় বাশার আল-আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেয়া হয়।
সিরিয়ার সেনাবাহিনীর জ্যেষ্ঠ দুই কর্মকর্তা রয়টার্সকে আসাদের দামেস্ক ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।
এদিকে, বিদ্রোহীরা জানিয়েছেন, তারা দামেস্কে ঢুকে পড়েছেন। সেখানে কোনো সেনা মোতায়েন নেই।

তারা বলেন, ‘আমাদের বিদ্রোহীদের মুক্তি দেয়ার খবর আমরা উদ্যাপন করছি।’


















