নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (৮ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজের মাধ্যমে এই আদেশ দেন। এর ফলে, শ্রম আইনের ওই পাঁচ মামলার কার্যক্রম স্থায়ীভাবে বাতিল রইল বলে নিশ্চিত করেছেন ড. ইউনূসের পক্ষের আইনজীবী।
আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে, গত ২৪ অক্টোবর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ শ্রম আইনের পাঁচটি মামলা ও মানহানির একটি মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন।
উল্লেখ্য, ড. ইউনূস যখন গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন, সেই সময় ২০১৯ সালে প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীদের চাকরিচ্যুতির অভিযোগে শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়।



















