ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন

আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রধান আসামি চন্দন (৩৮)কে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া।

পুলিশ জানায়, চন্দন চট্টগ্রাম থেকে ট্রেনে ভৈরব এসে তার শ্বশুরবাড়ি মেথরপট্টিতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে স্টেশনে ঘোরাঘুরির সময় গোপন সূত্রে তথ্য পেয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর তাকে ভৈরব থানায় হেফাজতে রাখা হয়েছে।

ওসি মো. শাহিন বলেন, “চট্টগ্রাম ডিবি পুলিশ গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল। প্রযুক্তির সহায়তায় জানতে পারি, চন্দন ভৈরবে অবস্থান করছেন। পরে আমরা সন্ধ্যা থেকে রেলস্টেশনে নজরদারি শুরু করি এবং রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করি।”

পুলিশ জানায়, চন্দন আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ১নং আসামি। চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা ভৈরবে পৌঁছালে চন্দনকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২৬ নভেম্বর চট্টগ্রামে আদালত চত্বরে সংঘর্ষের সময় হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫)। এ ঘটনায় মামলা হলে চন্দন প্রধান আসামি হিসেবে অভিযুক্ত হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ