ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ন

আইপিএলকেই টেক্কা দিতে চায় সৌদি? জানালো নিজেদের অবস্থান

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আইপিএলের মেগা নিলাম। নিলাম আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সৌদির অন্যতম তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরামকো এবং পর্যটন সংস্থা সৌদি ট্যুরিজম। এ নিয়ে জল্পনা শুরু হয়েছে, সৌদি আরব নিজেদের মাঠে বিশ্বের সবচেয়ে বড় ও অর্থবহ টি-২০ লিগ আনার পরিকল্পনা করছে।

তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সৌদি আরবিয়ান ক্রিকেট ফেডারেশনের (এসএসিএফ) প্রেসিডেন্ট সূদ বিন মিশাল আল সৌদি। তিনি স্পষ্ট করে বলেছেন, “বিশ্বের সবচেয়ে বড় টি-২০ লিগ আনার খবর সত্য নয়। এমনকি আইপিএলে সৌদি বিনিয়োগের বিষয়টিও ভিত্তিহীন।”

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো টি-২০ লিগে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় দলে রাখা যাবে না। এই নিয়মের কারণে সৌদির পক্ষে এখনই একটি ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করা কঠিন। তাছাড়া সম্প্রতি বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, তাদের লিগে কোনো গোপন বা বিশেষ বিনিয়োগের সুযোগ থাকবে না।

তবে সৌদি আরব ক্রিকেট খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। আইসিসি এবং আইপিএলে নিয়মিত স্পন্সরশিপের পাশাপাশি দেশটির ক্রিকেট অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদিও শিগগিরই বড় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের একটি নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ