পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে এবং স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক থেকে ৩ হাজার কোটি টাকার ঋণ পেয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এই ঋণের গ্যারান্টার হিসেবে দায়িত্ব পালন করবে সরকার।
বুধবার (১৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সুপারিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানো হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
সুপারিশে উল্লেখ করা হয়, এই ঋণ উচ্চ সুদে গৃহীত তহবিল পরিশোধের মাধ্যমে আইসিবির আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। যদি আইসিবি এই ঋণ বা এর সুদ পরিশোধে অসমর্থ হয়, তবে সরকার তা পরিশোধ করবে। তবে, এই ঋণ বাংলাদেশ ব্যাংকের সরকারকে প্রদেয় মুনাফা থেকে সমন্বয় করা যাবে না। চিঠিতে গ্যারান্টির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৮ মাসের জন্য নির্ধারিত হয়েছে।


















