পেঁয়াজের রফতানি শুল্ক ও ন্যূনতম রফতানি মূল্য কমিয়েছে ভারত সরকার। এ কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি আগের তুলনায় বেড়েছে। সরবরাহ বাড়ায় তিনদিনে হিলিতে পেঁয়াজের পাইকারি দর কমেছে কেজিপ্রতি ৬-৮ টাকা।
হিলি স্থলবন্দর কার্যালয় সুত্রে জানা গেছে, এ বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও বেলোরি জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে হিলি স্থলবন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৭৯-৮০ টাকায় বিক্রি হচ্ছে, তিনদিন আগেও যা ছিল কেজিপ্রতি ৮৫ টাকা। এছাড়া বেলোরি জাতের প্রতি কেজি পেঁয়াজ ৮২ টাকায় বিক্রি হচ্ছে, আগে যা ছিল কেজিপ্রতি ৯০ টাকা।
পেঁয়াজের পাইকারি দর কমায় হিলি বাজারে খুচরায় ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমেছে, এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮৫ টাকায়।
তবে ব্যবসায়ীরা জানান, আমদানীকৃত পেঁয়াজের দাম কমলেও দেশী পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি দেশী পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ১১০ টাকায়।



















