ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

নির্ধারিত দামে মিলছে না ডিম-মুরগি, শাক-সবজিতেও অস্বস্তি

সপ্তাহ ব্যবধানে বেশির ভাগ সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ব্যবসায়ীরা এ জন্য ছুতো বানিয়েছেন বৃষ্টি ও বন্যাকে। তাদের ভাষ্য, পানি জমে থাকায় চাষিরা সবজি তুলতে পারছেন না। ক্ষেতেই পচে যাচ্ছে।

শাকসবজির সংকটে মানুষ ঝুঁকছেন আমিষে। এরই চাপে চড়ছে ডিম ও মুরগির মাংসের দাম। মাস ব্যবধানে সবজি কেজিতে ২০ থেকে ৩০, মুরগি ২০ এবং ডিম ডজনে বেড়েছে ১৫ টাকা।

ক্রেতারা বলছেন, চাঁদাবাজি কমলেও অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেট এখনও ভাঙতে পারেনি। তারাই নানা ছুতোয় কলকাঠি নাড়ছে। বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তের কষ্ট।

রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও কাঁচাবাজারসহ কয়েকটি বাজারে প্রতিকেজি গোল বেগুন ৮০-৯০ টাকা বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেড়েছে। পটোল, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকার কাছাকাছি। একইভাবে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে বরবটি, করলা ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। অবশ্য এক মাস আগে এসব সবজির দাম ২০ থেকে ৩০ টাকা কম ছিল।

সবজি ব্যবসায়ীরা বলছেন, বর্ষায় সবজির সরবরাহ কম থাকে। এ সময় বৃষ্টিতে সবজি গাছ মরে যায়। ক্ষেতে পানি জমে যাওয়ায় সবজি তোলা যায় না, পচে ঝরে পড়ে। ডিম ও মুরগি ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির আকাল থাকায় মানুষ ডিম-মুরগির মাংসে ঝুঁকছেন। সাম্প্রতিক বন্যায় পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বহু খামার তলিয়ে নষ্ট হয়ে গেছে। চাহিদা ও উৎপাদনের মধ্যে ফারাক তৈরি হয়েছে, যা দামকে উস্কে দিচ্ছে।

পাইকারি বাজারে ফার্মের বাদামি রঙের ডিম ১৬০ টাকা ডজন বিক্রি হলেও মহল্লার দোকানে লাগছে ১৬৫। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিম ১৪৫-১৫০ টাকায় নেমেছিল। ব্রয়লার মুরগির দামও কমে হয়েছিল ১৬০ টাকা। তবে গত তিন সপ্তাহে আবারও বেড়ে আগের অবস্থানে গেছে। গতকাল ব্রয়লার মুরগি ১৮০-১৯০ ও সোনালি মুরগি ২৫০ থেকে ২৭০ টাকায় বিক্রি হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ