ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের ওপর আরোপিত শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
প্রতিষ্ঠানটি কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণ করায় এবং ভবিষ্যতে সিকিউরিটিজ আইন ভঙ্গ করবে না মর্মে অঙ্গীকার নামা প্রদান করায় শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২১ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাশেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণের জন্য ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেডের সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করে বিএসইসি। একইসঙ্গে ২০২২ সালের ২২ মার্চ ইস্যুকৃত কমিশনের নির্দেশনা নং- বিএসইসি/এসআরআই/সিসিএ/ডিএসই/২০২১/২১২ এ উল্লেখিত সকল শর্ত পুনরায় আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক বা সিইওর সকল ব্যাংক হিসাবের উত্তোলন বন্ধ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ)পত্র প্রেরণ এবং উক্ত ব্যক্তিবর্গের সকল বিও হিসাব অবরুদ্ধকরণের জন্য সেন্ট্রাল ডিপজিটরী বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান করে বিএসইসি। আলোচ্য স্টক ব্রোকার কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইওর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের জন্য পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধ পত্র প্রেরণ করে নিয়ন্ত্রক সংস্থাটি।

এখন প্রতিষ্ঠানটি কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণ করায় এবং ভবিষ্যতে সিকিউরিটিজ আইন ভঙ্গ করবে না মর্মে অঙ্গীকার নামা প্রদান করায় প্রতিষ্ঠান্টির শাস্তি প্রত্যাহার করবে বিএসইসি।


















